বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বসবেন লি কিয়াং

নয়ন তারা

২৫ জুন ২০২৬, ০৯:৪৬ এএম


বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বসবেন লি কিয়াং

 

চীনের দালিয়ান শহর থেকে বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরের মূল আকর্ষণ হিসেবে আজ বৃহস্পতিবার বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপলে’ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাইস্পিড বুলেট ট্রেনে চেপে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ৩৫ মিনিটে ট্রেনটি বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতা সুন মেইজুন স্টেশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় এক দল শিশু-কিশোর প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়।

স্টেশনের আনুষ্ঠানিকতা শেষে একটি বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই গেস্ট হাউসে’ নিয়ে যাওয়া হয়। তিন দিনের এই আনুষ্ঠানিক সফরে বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী এবং সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন।

আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এরপর দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠক শুরু হবে। এই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি, অবকাঠামোগত উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে।

বেইজিংয়ে আসার আগে গতকাল বুধবার সকালে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা বৃহৎ পরিসরে উদ্ভাবন। ডব্লিউইএফ-এর প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ছাড়াও কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীসহ বিশ্বনেতারা অংশ নেন। ৯০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানের এই সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করেছেন। ফোরামে অংশ নেওয়া চীনের শীর্ষ বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বর্তমান বিনিয়োগ বান্ধব পরিবেশ, নীতিগত সুবিধা এবং এর ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন, যা ভবিষ্যতে দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে গত মঙ্গলবার রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া এক রাষ্ট্রীয় ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এই নৈশভোজে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও উন্মুক্ত আলাপচারিতার সুযোগ তৈরি হয়, যা বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

দালিয়ানে সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে এক দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও আসতানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে উভয় প্রধানমন্ত্রী একমত হন। এছাড়া নিয়মিত রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তি, কৃষিব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাজাখ প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে জাতিসংঘের অধীনে 'পানি কূটনীতি' নিয়ে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের একটি প্রস্তাবের কথা উল্লেখ করে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন ওলজাস বেকতেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের এই আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে তাঁদের আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ছাড়াও সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

Ads