জাতিসংঘে গৃহপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল আধুনিক নগর গড়ব
১৭ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই আবাসন নিশ্চিতকল্পে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও পরিবেশ-সহনশীল আধুনিক নগর রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৈঠকটি আজ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের এই আন্তর্জাতিক ফোরামে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নগর পরিকল্পনার বিশদ চিত্র তুলে ধরা হয়।
উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশ। বর্তমান সরকার নগরায়ণকে কেবল আবাসন সৃষ্টি হিসেবে দেখে না, বরং একে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।
বক্তব্যে প্রতিমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় বর্তমান সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের নেওয়া এসব দূরদর্শী উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সফলভাবে বাস্তবায়নকে আরও গতিশীল ও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
ভবিষ্যতমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সরকারের অগ্রাধিকারমূলক খাতগুলো তুলে ধরে তিনি জানান, বর্তমানে সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রতিটি নগরকে আধুনিক ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে হলে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, উন্নত প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের কোনো বিকল্প নেই। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ এবং কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।































