ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ২০০

মোঃ আশরাফুল আলম

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম


ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ২০০

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২০১ জনে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, খুলনা বিভাগে ২৮০ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০৩ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তখন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১৯৫ জন।

Ads