বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। একই সঙ্গে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে ঢাকার সঙ্গে সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কাছে বর্তমানে কোনো তথ্য নেই। বৈঠকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলেও জানান তিনি।
জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। বিদ্যমান কাঠামোর মধ্য থেকেই দুই দেশের সব দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এস জয়শঙ্কর বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। অধিবেশনের ফাঁকে তিনি একাধিক দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও নিউইয়র্কে অবস্থান করছেন। সফরকালে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের নতুন দিল্লি হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের গতিপথ নিয়েও প্রশ্ন করা হয়। এসব বিষয়ে জয়সওয়াল বলেন, সম্পর্ক এগিয়ে নিতে ভারতের অবস্থান ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী।
এ ছাড়া ভারতে আয়োজিত বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল আবারও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার ভারতের অবস্থানের কথা জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে দুই দেশের বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
































