বাংলাদেশি ১৭ হাজির লাশ শনাক্ত : হজ মিশন
২৭ সেপ্টেম্বর ২০১৫, ০১:০৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: মক্কায় অবস্থিত বাংলাদেশি হজ অফিস এর তথ্য মতে, সৌদি আরবের মিনায় শয়তানকে প্রতীকী পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে এ পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হাজির মৃত্যর খবর পাওয়া গেছে।
এদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- শরিয়তপুর জেলার এম এ রাজ্জাক, জামালপুর জেলার ফিরোজা বেগম, সুনামগঞ্জ জেলার জুলিয়া হুদা, ফেনী জেলার তাহেরা বেগম ও তার ভাই নূর নবী মিন্টু, মুন্সীগঞ্জ জেলার জাহানারা আরজু, দিনাজপুর জেলার কেরামত আলি, ব্রাহ্মণবাড়িয়া জেলার গোলাম মোস্তফা, হাসিনা আক্তার ও আহম্মেদ আলী মৃধা।
এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান শনিবার বিকালে গণমাধ্যমকে জানিয়েছিলেন, মিনার ঘটনার এখনও পর্যন্ত ৯৮ বাংলাদেশি হাজি নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, ঘটনার পরই বিভিন্ন উৎস, হটলাইনে করা ফোন ও পরিবারের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ মোট ১২৮ জন হাজির তালিকা তৈরি করা হয়। কিন্তু পরবর্তী সময়ে এদের মধ্য থেকে ৩০ জনকে খুঁজে পাওয়া গেছে। বর্তমানে নিখোঁজ রয়েছেন ৯৮ জন।
আসাদুজ্জামান বলেন, সৌদি কর্তৃপক্ষ কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর এখন পর্যন্ত দূতাবাসকে নিশ্চিত করেনি। তবে জামালপুরের ফিরোজা খানমের মৃত্যুর ব্যাপারে তারা ওই পরিবার সূত্রে নিশ্চিত হয়েছেন। এ ছাড়া আরও আটজন হাজির মৃত্যু হয়েছে বলে তাঁদের পরিবার থেকে দাবি করা হয়েছে। যদিও দূতাবাস এদের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
ওই কর্মকর্তা জানান, সৌদি কর্তৃপক্ষ তালিকা প্রকাশ না করা পর্যন্ত হতাহতের তালিকায় কত জন বাংলাদেশি আছেন সে ব্যাপারে কিছু বলা যায় না।
সৌদি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবারের মিনায় পদদলনের ঘটনায় এখন পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।






























