বিভিন্ন দেশের রেড অ্যালার্ট জারি দুঃখজনক : শেখ হাসিনা
৩০ সেপ্টেম্বর ২০১৫, ০৪:২৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: জঙ্গিবাদের নামে বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের ওপর রেড অ্যালার্ট জারিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় ইতালীয় নাগরিক খুন হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনার পর বিএনপির এক নেতা যেভাবে কথা বলছেন, তাতে সন্দেহ হচ্ছে তিনি নিজেই এর সঙ্গে সংশ্লিষ্ট কি না। তাকে ধরে ইন্টেরোগেশন করা উচিত, এই ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা আছে কি না?
শেখ হাসিনা বলেন, বাংলাদেশই শুধু নয়, এখন বিশ্ব জুড়েই এমন ভীতির পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী মানুষ পুড়িয়ে মারে। মানুষ খুন করে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে চায়।
জঙ্গি হামলার ঝুঁকির কথা বলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে সফর পিছিয়ে দেওয়ার বিষয় নিয়েও প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া আসরে হামলা বা নাশকতার কোনো ঘটনা কখনো ঘটেনি। এতটুকু বলতে পারি যে, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনসাধারণ শান্তিপূর্ণ পরিবেশে খেলাধুলা পরিচালনায় সব ধরনের সহায়তা দিয়ে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট পারদর্শিতার সঙ্গে সবাইকে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।
জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী মিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার জাতিসংঘ অধিবেশনে যোগদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।






























