হত্যাকাণ্ড দুটি একই সূত্রে গাথা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ অক্টোবর ২০১৫, ১২:৫৭ এএম


হত্যাকাণ্ড দুটি একই সূত্রে গাথা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের চিত্র ডেক্স :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক জাপানি নাগরিক নিহত হওয়া প্রসঙ্গে বলেছেন, এক সপ্তাহে দু’জন বিদেশী নাগরিক নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড দুটি একই সূত্রে গাথা। একই উদ্দেশ্যে তা ঘটানো হয়ে থাকতে পারে।

শনিবার সকাল ১১টার দিকে রংপুরের কাউনিয়ার আলুটারি এলাকায় জাপানি নাগরিক ওসি কুনিও (৫০) গুলিবিদ্ধ হওয়ার পর মৃত্যুবরণ করেন। এর কয়েকদিন আগেই রাজধানী ঢাকার গুলশান এলাকায় একজন ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাগুলো একই দুটি একই সূত্রে গাথা। উভয় ক্ষেত্রেই পিছন থেকে গুলি করা হয়েছে। হত্যাকারীদের অস্ত্র ছিল পিস্তল। দুটি ঘটনাতেই আক্রমণকারীরা ছিল ৩ জন এবং তারা একইভাবে মোটরবাইকে করে পালিয়ে যায়। কিছু আলামত আমরা পেয়েছি এবং আসল অপরাধীদেরও আমরা শিগগিরই ধরে ফেলবো।

তিনি আরও বলেন, আমরা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট করে বলতে পারবো। তবে প্রাথমিকভাবে যেটুকু বুঝতে পারছি- তাতে মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বিদেশীদের কাছে দেশের পরিস্থিতি অস্থিতিশীল বলে তুলে ধরার জন্য এগুলো করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের অচিরেই প্রকৃত ঘটনা উদঘাটন করে জানানো হবে। কূটনৈতিক এলাকাসহ বাংলাদেশের সকল শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালানো হবে। যেখানেই বিদেশীরা আছেন সেখানে নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হচ্ছে। কোন বিদেশী নিরাপত্তার অভাব বোধ করলে আমাদের জানালে আমরা নিরাপত্তার ব্যবস্থা করবো।

Ads