অপসাংবাদিকতা বন্ধ করতেই অনলাইন পত্রিকা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক
১২ নভেম্বর ২০১৫, ০৪:৪০ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: দেশের সকল অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিয়মের আওতায় আনতে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে সরকার।
সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। তথ্যবিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।
এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হবে। আবেদন ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.pressinform.portal.gov.bd) পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ফরম ও প্রত্যয়নপত্রের নমুনা সাময়িকভাবে তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখা থেকে সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
তথ্য মন্ত্রনালয়ের সচিব মর্তুজা আহমেদ বলেন , “প্রত্যেকের কিছু নীতি-নৈতিকতার মধ্যে থাকা উচিত। কিন্তু অনেকে সেগুলো প্রয়োজন মনে করছেন না। যখন যেভাবে পারছেন অনলাইন খুলে দিচ্ছেন। তথ্য সচিব বলেন অনলাইন সংবাদ মাধ্যমকে শৃঙ্খলার মাধ্যমে পরিচালনার জন্যই এই নিবন্ধনের উদ্যোগ।
তিনি জানান, কোনো অনলাইন পত্রিকাকে নিবন্ধন দেওয়ার আগে পুলিশের বিশেষ বিভাগের কর্মকর্তরা ওই অনলাইন পত্রিকার অফিস পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। তবে তথ্যবিরবরণীতে বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনের নতুন করে নিবন্ধের বিষয়ে কিছু বলা হয়নি।
শাহেনূর মিয়া নামে এক জেষ্ঠ্য কর্মকর্তা জানান, এর আগে অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া যেসব অনলাইন পত্রিকা নতুন করে নিবন্ধন পাবে না তাদের কার্ড বাতিল করা হবে। পত্রিকার অনলাইন সংস্করণের বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংস্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।






























