হিরোয়ি মিয়েতা (৫৫) জাপানি নারীকে হত্যার পর গোপনে লাশ দাফন
২৪ নভেম্বর ২০১৫, ০৬:৪০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: এবার রাজধানীর উত্তরায় হিরোয়ি মিয়েতা (৫৫) নামে এক জাপানি নারীকে হত্যার পর গোপনে তার লাশ দাফন করার মতো চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
হত্যার পর উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে মুসলমান পরিচয়ে লাশ দাফন করা হয়েছে। হত্যার ঘটনাটি এক প্রকার চাপা পড়েই গিয়েছিল। নিহতের মা এবং জাপান দূতাবাসের তৎপরতায় হত্যার পর গোপনে লাশ দাফন করার তথ্য বেরিয়ে আসছে।
উত্তরা পূর্ব থানা পুলিশ কবর থেকে তার লাশ তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেছে ।
জানাগেছে, হিরোয়ি মিয়েতা উত্তরা ৬ নম্বর সেক্টরে ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর হোল্ডিংয়ে সিটি হোমস নামে একটি ডরমেটরিতে থাকতেন। তবে তার ব্যবসায়িক পার্টনাররা আগস্ট মাসে ওই নারীকে সেখান থেকে সরিয়ে ভাটারা থানা এলাকার একটি বাসায় রাখেন ।
হিরোয়ি প্রতিদিন টেলিফোন করতেন জাপানে তার মাকে নিজের ভালোমন্দ জানাতেন। ২৬ অক্টোবর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান তার মা। ফলে মেয়ের কোনো খোঁজ না পেয়ে তার মা বিষয়টি ঢাকায় জাপান দূতাবাসকে জানান।
জাপান দূতাবাসের পক্ষে ভাইস কাউন্সিলর কুসুকি মাৎসুনা প্রথমে বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানান। পরে ১৯ নভেম্বর উত্তরা পূর্ব থানায় হিরোয়ি নিখোঁজ থাকার বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-৯৩৫। জাপান দূতাবাসের পক্ষ থেকে সাধারণ ডায়েরির পর ঘটনা অনুসন্ধানে তৎপর হয় পুলিশ।
পরে, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা করেছে পুলিশ। দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় করা মামলার নম্বর ১১। বাদী উত্তরা পূর্ব থানার অপারেশন অফিসার মিজানুর রহমান।
এ ঘটনায় অন্তত ৮ জনকে আটক করেছে পুলিশ। যাদের মধ্যে কমপক্ষে চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।






























