খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
০৭ জানুয়ারি ২০১৬, ০৮:০১ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিশ্বে এখন কোনো জায়গায় তৃতীয়, কোথাও চতুর্থ, কোথাও পঞ্চম হলেও আমরা তো আমাদের একটা অবস্থান তৈরি করতে পেরেছি।
ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এর আগে যখন ক্ষমতায় ছিলাম তখন খাদ্য উৎপাদনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে খাদ্য ঘাটতি সৃষ্টি করে। তারা বিদেশে বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে খাদ্য আমদানি করে আত্মসাত করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষিক্ষেত্রে বাংলাদেশের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায় ও রপ্তানি বৃদ্ধি করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। উৎপাদিত পণ্য বাজারজাতকরণে ও রপ্তানিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বে মাথা উঁচু করে চলব। আমরা কারো কাছে হাত পাতব না।






























