প্রকাশ্য দ্বন্দ্বে সমাজকল্যাণ মন্ত্রী ও তার ছোট ভাই
২৯ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
ছবি- সংগৃহীত।
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। কিন্তু তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হককে সমর্থন দিয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এ সমর্থন জানালে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদের দ্বন্দ্ব প্রকাশ্যে শুরু হয়।
এদিকে নৌকার মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আদিতমারী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল হক। এ সময় তার সাথে ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর, সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো মনোনয়ন কিনেছেন, লালমনিরহাট -৩ (সদর) আসনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৫ জন। যদিও এ আসনটিতে আওয়ামী লীগের দুটি গ্রুপের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের। যার একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। অপরটিতে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। কালীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ ও অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন তার ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহম্মেদ। এ বিষয় গুলোকে ঘিরে দ্বন্দ্ব আরো বেড়ে গেল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে।
অনেকের ধারণা ছিল এ আসনে নৌকার মাঝি হবেন সমাজকল্যাণমন্ত্রী অথবা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক। জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মনোনয়ন পেয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
অন্য দিকে লালমনিরহাট-৩ (সদর) আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।






















