আজ দশম জাতীয় সংসদের ১ম অধিবেশন, ভাষণ দিবেন রাষ্ট্রপতি
২০ জানুয়ারি ২০১৬, ০৫:৫৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আজ বুধবার দশম জাতীয় সংসদের নবম (শীতকালীন) অধিবেশন বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে।
বিকেল সাড়ে ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে। সংবিধানিক বিধান অনুযায়ী প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দিবেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরকে প্রস্তুত করা হয়েছে। সংসদ ভবন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সংসদের উত্তর প্লাজা দিয়ে প্রবেশ করবেন।
রাষ্ট্রপতি সংসদে প্রবেশের সময় সশস্ত্র বাহিনীর একটি বাদ্যদল বিউগলে ফ্যানফেযার বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষন জানাবেন। উত্তর প্লাজার ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে তিনতলার বিশেষ লিফট পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা। বিশেষ লিফটে করেই সংসদ ভবনে সাত তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন আবদুল হামিদ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দশম জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় এই সংসদ ২০১৪ সালে বিএনপিকে ছাড়াই যাত্রা শুরু করে। অন্যান্য বছরের ন্যায় এবারো বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিলো ৩৬ কার্যদিবস।
কর্মকর্তারা আরো জানান, প্রথম দিনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে অধিবেশনে সাধারণ আলোচনা হবে। সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা অংশ নিবেন।





























