পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ জানুয়ারি ২০১৬, ০৫:৩৭ পিএম


পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে। 

মঙ্গলবার সকালে জাতীয় পুলিশ সপ্তাহের প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইনসের অডিটরিয়ামে দেয়া বক্তব্যে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই আমরা পুলিশে আরও ৫০ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছি, তাতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কারণ, পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা ঠিক না রাখলে উন্নয়ন সম্ভব হতো না।

শেখ হাসিনা বলেন, গত সাত বছরে আমরা পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৯টি ক্যাডার পদসহ ৩২ হাজার ৩১টি পদ সৃষ্টি করেছি। এ সত্ত্বেও দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই আমরা আরও ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দিচ্ছি। ইতোমধ্যে ২৭৭টি ক্যাডার পদসহ ১৩ হাজার ৫৫৮টি পদে পুলিশ সদস্যদের নিয়োগ সম্পন্ন হয়েছে।

স্বাধীন বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহ পালন করা হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেদিন পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সারাবিশ্বে জঙ্গি তৎপরতা বেড়ে গেলেও পুলিশের সাহসী ভূমিকায় দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Ads