আগামী ১৯ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৩৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আগামী ১৯ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। সম্মেলনের জন্য তিনটি স্থানের কথা উল্লেখ করে যেকোনো একটিতে অনুমতির জন্য ইতিমধ্যে গণপূর্ত কর্তৃপক্ষ ও পুলিশের কাছে আবেদন করেছে।
শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা সম্মেলনের জন্য তিনটি জায়গার অনুমতি চেয়ে দরখাস্ত করেছি। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব পেয়েছি। তারা বলেছে, তাদের দিতে আপত্তি নেই, এটা এখন পুলিশের অনুমোদনের বিষয়। পুলিশ কর্তৃপক্ষ এখন পর্যন্ত জবাব দেয়নি।
এদিকে বিএনপির একটি সূত্র জানায়, দলের জাতীয় সম্মেলনের স্থান নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছে বিএনপি। দলের পক্ষ থেকে এক চিঠিতেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সোহরাওয়ার্দী উদ্যানের কথা উল্লেখ করে যেকোনো একটি স্থানের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এর মধ্যে গণপূর্ত কর্তৃপক্ষ সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে বিএনপিকে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির বলেন, সম্মেলন সামনে রেখে ইতিমধ্যে দলের কাউন্সিলর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর বাইরে জেলা কমিটিগুলো দুজন নারী প্রতিনিধির নাম কাউন্সিলর হিসেবে কেন্দ্রে সুপারিশ করে পাঠাতে বলা হয়েছে। জেলা ও মহানগর কমিটিগুলো পুনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরসংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে।
এর আগে বিএনপির সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।






























