বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা বিমান সংস্থা
২৯ মার্চ ২০২৫, ০২:০১ পিএম
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম থেকে কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে, যাতে দেশের পূর্বাঞ্চলের মানুষরা দক্ষিণ চীনা শহরের হাসপাতালে সহজে চিকিৎসা নিতে পারে।
শনিবার (২৯ মার্চ) চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর কর্মকর্তারা তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য চীন চারটি কুনমিং হাসপাতাল উৎসর্গ করেছে। তবে, বিমান টিকিটের উচ্চমুল্যের কারণে চীনে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশীদের একটি বড় বাধা হতে পারে অভিমত অনেকের।
অন্যদিকে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্মকর্তারা নিশ্চিত করে বলেছেন- কুনমিং এবং চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইট ভ্রমণ খরচ এবং ভ্রমণের সময় কমিয়ে আনবে, যার ফলে আরও বেশি বাংলাদেশি সহজে চীনে স্বাস্থ্যসেবা পেতে পারবেন।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন- কুনমিংয়ের কর্তৃপক্ষ বাংলাদেশের জনগণের জন্য হাসপাতালের উৎসর্গ করেছে। ‘চিকিৎসার ফি খুবই কম। বাংলাদেশের একজন রোগী স্থানীয় চীনা জনগণের মতোই ফি প্রদান করেন।
ইতিমধ্যে কুনমিং ভ্রমণ ত্বরান্বিত করার জন্য ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা এবং কুনমিংয়ের মধ্যে বিমান টিকিটের খরচ কমানোর পদক্ষেপ নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশিদের জন্য দেশে আরও স্বাস্থ্যসেবা সুবিধা উন্মুক্ত করবে।
এপ্রিল মাসে, বাংলাদেশ কুনমিংয়ে সাংবাদিকদের একটি বড় দল পাঠাবে সেখানকার চিকিৎসা সুবিধাগুলি নিজের চোখে দেখার জন্য।
গত মাসে কয়েক ডজন বাংলাদেশি প্রথমবারের মতো চিকিৎসার জন্য কুনমিং ভ্রমণ করেছিলেন। তারা সেখানকার হাসপাতালের মান নিয়ে উচ্চ প্রশংসা করেছিলেন। তবে অনেকেই ভ্রমণ খরচ নিয়ে অভিযোগ করেছেন।























