যমুনা-সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ- ডিএমপি
১০ মে ২০২৫, ০৫:১৩ পিএম
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাকায় যেকোনো সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।
পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ২৯ ধারায় বর্ণিত অর্পিত ক্ষমতাবলে আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।























