সুপার টাইফুন ধেয়ে আসছে হংকংয়ে, বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম


সুপার টাইফুন ধেয়ে আসছে হংকংয়ে, বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

 

ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এর প্রভাবে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এরই মধ্যে টাইফুনের প্রভাবে স্কুল ও বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের ওপর দ্রুতগতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশটির প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এ জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময়ে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

হংকং অবজারভেটরি সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে ১ নম্বর টাইফুন সতর্কতা সংকেত জারি করেছে এবং রাত ৯টা ৪০ মিনিটে এটি সংকেত নম্বর ৩-এ উন্নীত করা হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া মঙ্গলবার দুপুর ১টা থেকে ৪টার মধ্যে সংকেত নম্বর ৮ জারি করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল খোলা থাকলেও বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার দুপুর ২টায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে হংকংয়ের সরকার মঙ্গলবার ও বুধবার- এই দুই দিন দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেন স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সুপার টাইফুন রাগাসার নাম ফিলিপিনো শব্দ ‘দ্রুতগতি’ থেকে নেওয়া হয়েছে। সোমবার ভোর ৫টায় এটি লুজোন প্রণালী অতিক্রম করেছে। এ সময় টাইফুনের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩০ কিমি পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষক চয় চুন-উইং বলেন, রাগাসার ব্যাপক পরিসর এবং দ্রুত গতি হংকংসহ গুয়াংডং উপকূলে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এটি সরাসরি হংকংয়ে আছড়ে না পড়লেও এর প্রভাব মাংখুতের চেয়ে বেশি হতে পারে।

 

Ads