সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক অভিনন্দন প্রধান উপদেষ্টার

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম


সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক অভিনন্দন প্রধান উপদেষ্টার

 

প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শনিবার (১ নভেম্বর) দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদ্‌যাপন হবে। এ উপলক্ষে দেয়া বাণীতে সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৩১ অক্টোবর) দেয়া এ বাণীতে তিনি বলেন বলেন, ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়-- এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি সব সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজটি আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সবাই মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।


‘আমি ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

 

Ads