গণভোটে সরকারের প্রচারণার ক্ষেত্রে আইনি বাধা নেই : প্রেস সচিব শফিকুল

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম


গণভোটে সরকারের প্রচারণার ক্ষেত্রে আইনি বাধা নেই : প্রেস সচিব শফিকুল

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে গণভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে’।

প্রেস সচিব জানান, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত’।

প্রেস সচিব বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে দুয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে’।

Ads