শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াসীনের নেতৃত্বে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ পুষ্পস্তবক অর্পণে অংশ নেন। এ সময় তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণকালে মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের প্রধানগণ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের মাধ্যমে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হচ্ছে।
উল্লেখ্য যে, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। তাদের এই অনন্য আত্মত্যাগ আজ সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত।






























