তথ্য প্রতিমন্ত্রীর সাথে ওনাব নেতৃবৃন্ধের সৌজন্য সাক্ষাৎ: তিন দফা দাবি পেশ

মোঃ আশরাফুল আলম

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ এএম


তথ্য প্রতিমন্ত্রীর সাথে ওনাব নেতৃবৃন্ধের সৌজন্য সাক্ষাৎ: তিন দফা দাবি পেশ

 

থ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ’ (ওনাব)। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে ওনাব নেতৃবৃন্দ বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে দ্রুততম সময়ে সঠিক তথ্য পৌঁছে দিতে অনলাইন নিউজ পোর্টালগুলো অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে অনলাইন সংবাদমাধ্যমগুলো সাহসিকতার পরিচয় দিয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, তৎকালীন স্বৈরাচারী সরকার এই তথ্য প্রবাহ রুখতেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল যাতে সাধারণ মানুষ হতাহতের প্রকৃত চিত্র না পায়।

ওনাবের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিবন্ধন পেলেও অনলাইন পোর্টালগুলো দীর্ঘদিনের বৈষম্যের শিকার। টেলিভিশন বা সংবাদপত্রের জন্য বাৎসরিক নবায়ন ফি-র কড়াকড়ি না থাকলেও অনলাইন পোর্টালগুলোকে প্রতি বছর ফি দিয়ে নিবন্ধন নবায়ন করতে হয়। এবং নবায়ন বিলম্ব হলে দিগুণ টাকা দিয়ে নিবন্ধন করতে হয়। এছাড়া আঞ্চলিক বা সাপ্তাহিক পত্রিকা সরকারি বিজ্ঞাপন পেলেও নিবন্ধিত অনলাইন পোর্টালগুলো এখান থেকে বঞ্চিত, যা প্রতিষ্ঠান পরিচালনায় আর্থিক সংকট তৈরি করছে।

প্রতিমন্ত্রীর কাছে ওনাবের ৩ দাবি:
সংকট নিরসনে সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যার প্রধান দাবিগুলো হলো:
১. অনলাইন পোর্টালের প্রচলিত রেজিস্ট্রেশন নবায়ন প্রথা বাতিল করা।
২. নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর জন্য সুনির্দিষ্টভাবে সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া।
৩. অনিবন্ধিত পোর্টালগুলোর মধ্য থেকে যোগ্যদের দ্রুত নিবন্ধন দিয়ে বাকিদের কার্যক্রম বন্ধ করে দেওয়া।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ওনাব নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন। তিনি অনলাইন নিউজ পোর্টালগুলোকে গণমাধ্যমের একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং এই শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে ওনাবের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির, অয়ন আহমেদ, মহসিন হোসেন, কবির নেওয়াজসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Ads