অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত আপেল মাহমুদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম


অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত আপেল মাহমুদ

সদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভাগীয় মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তের সময়ে আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। বিভাগীয় মামলার মাধ্যমে অভিযোগের বিষয়ে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

Ads