শাহজাদপুরে চুরি আতঙ্কে কৃষকদের রাত জেগে পিয়াজ ক্ষেত পাহারা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ০৫:০২ পিএম


শাহজাদপুরে চুরি আতঙ্কে কৃষকদের রাত জেগে পিয়াজ ক্ষেত পাহারা

পিয়াজের আকাশ চুম্বি দাম বৃদ্ধি পাওয়ায় ভাল লাভের আশায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকেরা এ বছর রবি মৌসুমে ৪০ হেক্টোর জমিতে আগাম জাতের পিয়াজ চাষ করছে। এ পরিমাণ জমি থেকে এ বছর ৪৮০ মেট্রিক টন পিয়াজ উৎপাদন হবে বলে স্থানীয় কৃষি অফিস জানিয়েছেন। এর মধ্যে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া,নুকালি, পোতাজিয়া,কায়েমপুর ইউনিয়নের চুলধরি,বৃ-আঙ্গারু,রূপবাটি ইউনিয়নের,বিলকলমি,চিনানারি,চয়ড়া,গাড়াদহ ইউনিয়নের,পুরান টেপরি,নরিনা ইউনিয়নের পাড়কোলা,নরিনা এলাকা ঘুরে দেখা যায়,কৃষকরা তাদের পিয়াজের জমি পরিচর্যায় মহাব্যস্ত সময় পার করছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম জানান,আর মাত্র ১৫ দিন পর থেকে এ সব জমির পিয়াজ উঠতে শুরু করবে। এ পরিমাণ জমির পিয়াজ উঠলে এলাকার চাহিদা পূরণ করেও কৃষকেরা বাইরে বিক্রি করে অধিক লাভবান হবেন। এ পিয়াজ উঠলে শাহজাদপুরের বাজার স্তিতিশীলও হবে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামের পিয়াজ চাষি রেজাউল করিম সরকার, টেক্কা সরকার,সাদ্দাম হোসেন,চাঁদ ফকির,বাদল সরকার,জয়নাল সরকার,আনিছ সরকার ফজর সরকার জানান,তাদের গ্রামের প্রায় ১০/১২ বিঘা জমিতে এ বছর আগাম জাতের পিয়াজ চাষ হচ্ছে। বাজারে পিয়াজের দাম বেশি থাকায় তারা উচ্চ মূল্যে বেছন কিনে বুনেছেন। বিঘা প্রতি তাদের ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তারা জানান,ফলন ভাল হলে প্রতি বিঘা পিয়াজে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ হবে। সরকার পিয়াজ চাষে প্রনদনা দিলে পিয়াজের উৎপাদন আরো বৃদ্ধি পাবে।

তারা আরো বলেন,সাধারণত এ এলাকার জমি থেকে পিয়াজ চুরি হয় না। কিন্ত এ বছর পিয়াজের দাম বেশি হওয়ায় ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় চুরির আশংকায় ও গরু-ছাগলের আক্রমণ থেকে পিয়াজ রক্ষায় তারা এ বছর অধিকাংশ পিয়াজের জমিতে নেট দিয়ে ঘিরে রেখেছেন। এ ছাড়া পালা করে রাতে ও দিনে পিয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের পিয়াজ চাষি আঙ্গুরি থাতুন,আব্দুল গফুর ও শফি উদ্দিন জানান, খবর শুনছি, বিভিন্ন স্থানে ক্ষেত থেকে পিয়াজ চুরি হচ্ছে। তাই পিয়াজ রক্ষায় ক্ষেত পাহারা দিচ্ছি। এ ছাড়া বাড়তি যত্ন হিসাবে ক্ষেতে সার,কীটনাশক ও চাহিদা মত ভিটামিন ওষুধ প্রয়োগ করছি। চুরি ঠেকাতে অনেকে আবার লাঠি হাতে পিয়াজ ক্ষেত পাহারাও দিচ্ছে।

তারা আরো জানান,বাজারে প্রতি কেজি পিয়াজ ২৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে তারা ভাল লাভের আশা করছেন। কিন্তু রাতের আধারে কিছু কিছু জমির পিয়াজ চুরির ঘটনায় তারা শংকিত হয়ে পড়েছেন। ফলে তারা রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন। যাদের জমি বাড়ি থেকে বেশ দূরে তারা দিনেও পাহারা দিচ্ছেন। তারা বলেন,আগে কখনো পিয়াজ চুরির ঘটনা ঘটেনি। আগে কৃষকরা পিয়াজের পাতা ক্ষেতেই ফেলে দিত। এখন পিয়াজের পাতাও ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই পিয়াজ চুরি ঠেকাতে সবাই ক্ষেত পাহারা দিচ্ছে ।

Ads