শিবগঞ্জে টিসিবির পণ্য বিক্রি, সামাজিক দূরত্বের বালায় নেই
২৪ এপ্রিল ২০২০, ১২:৩৫ এএম
ছবি- প্রতিদিনের চিত্র
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা পেতে দেশজুড়ে যখন চলছে সচেতনতা মুলক সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানেটাইজার ব্যবহারের তৎপরতা আর জেলায় জেলায় লকডাউন ঠিক তখন-ই কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চত্বরে টিসিবির পণ্য বিক্রি করছেন ডিলার সুমিত। তিনি অভিযোগ করে বলেন, আমি পণ্য বিক্রয়ের আগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কে ডেকেছি। কিন্তু তাঁরা আসছি বলে আসেননি।
তিনি আরো বলেন, প্রশাসনের কর্মকর্তারা আমাকে যখন পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে বলেন, তখন আমি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করি। সরজমিনে দেখা গেছে, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রায় সহস্রাধিক মানুষ একের উপরে চাপাচাপি করে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য তেল, চিনি, ছোলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করছেন। কিন্তু বৃহষ্পতিবার দুপুর ১২টার আগে পর্যন্ত পণ্য বিক্রয়ের স্থানে কোনো পুলিশ সদস্য ছিলো না। এতে করে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ জানান, আমাকে সংবাদ দেয়ার পরপরই আমি টিসিবির পণ্য বিক্রয়ের স্থানে পুলিশ পাঠিয়েছি। কিন্তু টিসিবির ডিলার পুলিশ পৌঁছানোর আগে থেকে তিনি তাঁর বিক্রয় কার্যক্রম শুরু করে দেন।
অপরদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার জানান, টিসিবির পণ্য বিক্রয়ের স্থানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন আছে এবং আমি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরজমিন পরিদর্শক করেছি।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ও চরমোহনপুর গ্রামে ২জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
































