সিরাজগঞ্জে পাটের দাম বেশি থাকায় চাষীদের মুখে হাসি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ আগস্ট ২০২১, ০৯:০০ পিএম


সিরাজগঞ্জে পাটের দাম বেশি থাকায় চাষীদের মুখে হাসি

ছবি- প্রতিদিনের চিত্র।

 

আবহাওয়া অনুকূলে থাকায় এবার সিরাজগঞ্জে পাটের বাম্পার ফলন হয়েছে। তবে পর্যাপ্ত বৃষ্টির পানির অভাবে পাট পঁচাতে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও বাজারে পাটের দাম বেশি থাকায় পাট চাষীদের মুখে সোনালী হাসির ঝিলিক ফুটে উঠেছে। কম সময়ে,স্বল্প খরচে, অধিক লাভের আশায় পাট চাষের দিকে ঝুঁকছে জেলার অধিকাংশ কৃষক।

 

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৯ টি উপজেলায় চলতি মৌসুমে দেশীয়,তোষা জাত ও অন্যান্য জাতের মোট ১৫ হাজার ৮২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

 

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই পাট কাটা,পাতা ঝরানো , জাগ দেয়া প্রায় শেষ। এখন ধোয়া ও শুকানোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

মাঠে যেমন কৃষক ব্যস্ত তেমনি বাড়িতে মহিলারাও পাট খড়ি শুকাতে ব্যস্ত। নিজেদের পাশাপাশি অনেকেই পাট কাঠির বিনিময়ে অন্যের পাট ছাড়িয়ে দিচ্ছেন।

 

চাষিদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে পাট চাষে সব মিলে খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি প্রায় ৮-১০ মণ পাট পাওয়া যায়।

 

আজ সোমবার (২৩ আগস্ট) সকালে সলঙ্গা হাট ও চান্দাইকোনা পাট হাটে গিয়ে দেখা যায়, প্রকার ভেদে প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকা হতে ৩ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের ভালো ফলন ও দাম পেয়ে চাষিদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি।

 

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হানিফ বলেন, জেলায় মোট ১৫,৮২০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার পাটের ফলন ও দাম বেশী হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

Ads