চাঁপাইনবাবগঞ্জে আর্সেনিক আতঙ্ক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ নভেম্বর ২০২২, ০৬:১২ পিএম


চাঁপাইনবাবগঞ্জে আর্সেনিক আতঙ্ক

ছবি- সংগৃহীত।

 
চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বাসিন্দাদের আতঙ্কের নাম আর্সেনিক। এলাকাবাসী বছরের পর বছর আর্সেনিকের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

 

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে ভূগর্ভের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের কারণে বিপাকে পড়েছেন এলাকার লোকজন। সুপেয় পানির অভাবে বাধ্য হয়েই জেনেশুনে আর্সেনিকযুক্ত পানি পানসহ সব কাজে ব্যবহার করছেন।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম বলেন, আমরা দ্রুত ফিল্টার দিয়েছি। এর পাশাপাশি আরও একটি উচ্চক্ষমতার মোটর দেয়া হয়েছে। গ্রামে তিন হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার বলেন, আর্সেনিকের মাত্রা পরীক্ষা করা হচ্ছে। যদি আর্সেনিকের মাত্রা ঠিক থাকে সেটা আমরা হস্তাস্তর করি। পাশাপাশি সুপেয় পানি নিশ্চিতে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ বলেন, আর্সেনিককবলিত গ্রামগুলোতে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। জনগণকে নিয়ে উঠান বৈঠক করা হয়েছে। তাদের আর্সেনিকমুক্ত পানি পানের পরামর্শ দিয়েছি। আসলে এটির কোনো বিকল্প নেই।

 

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, জেলার ৪৫টি ইউনিয়নের মধ্যে ১২টিতে আর্সেনিকের উপস্থিতি রয়েছে।

Ads