প্রতিমন্ত্রীর ছেলেদের নামের ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

অয়ন আহমেদ

১৯ জুন ২০২৬, ১১:৩৬ পিএম


প্রতিমন্ত্রীর ছেলেদের নামের ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর


দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর এই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যে শুরু করা হয়েছে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে এবার স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিতর্ক এড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এলাকায় পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন একটি ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’। অন্যদিকে মোকামতলা উপজেলায় গঠিত তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

চারটি নতুন ইউনিয়নের মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’—এই তিনটি নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’ এবং তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখে এই ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা জাতীয় সংসদেও উত্থাপিত হয়। সংসদে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমেই স্থানীয় মানুষের মতামত নিয়ে এই নামগুলো নির্ধারণ করেছিলেন।

তিনি যুক্তি দিয়েছিলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকাটি গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে হওয়ায় তার নাম ‘সীমান্ত’ এবং অন্য এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ‘দিগন্ত’ রাখা হয়েছিল। তার দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিলে যাওয়াকে তিনি কেবলই ‘কাকতালীয়’ বলে দাবি করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিজের পরিবার ও ছেলেদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে দেশজুড়ে বিরূপ সমালোচনা তৈরি হওয়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজেও বেশ বিব্রত বোধ করেন। এই নামকরণ নিয়ে যেন কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না থাকে, সেজন্য তিনি নিজেই জেলা প্রশাসকের কাছে নাম পরিবর্তনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এর পরপরই সরকারের উচ্চপর্যায় থেকে নাম বদলের এই নির্দেশনা আসে।

Ads