চুনারুঘাটে উপজাতি এক কিশোরীসহ ২ নারীর উপর বখাটের হামলা
০১ জুন ২০২১, ০১:৪৬ এএম
চুনারুঘাট উপজেলায় নিজের তালাক দেয়া স্ত্রীর সাথে বেড়াতে যাওয়ার অপরাধে এক উপজাতি কিশোরীর উপর হামলা করে হাত ভেঙ্গে দিয়েছে জয়নাল মিয়া নামের এক বখাটে। এই ঘটনাটি ঘটেছিল শনিবার (৩০ মে) উপজেলার কালেঙ্গা বনাঞ্চলের রিজার্ভ টিলা এলাকায়।
রোববার (৩১মে) বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বখাটে জয়নাল মিয়া স্থানীয়দের কয়েকজনের সহযোগীতা নিয়ে সালিশের চেষ্টা করে।
স্থানীয় ইউপি মেম্বার খলিলুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, হামলাকারী জয়নাল মিয়া এলাকায় বখাটে হিসেবে পরিচিত। শুনেছি তার অপকর্মের বিষয়টি কেউ একজন নিষ্পত্তি করে দিতে চেয়েছিল। তবে, আমাকে জানানো হয়নি।
মেম্বার আরও বলেন, আহত চম্পা দেব বর্মা আইনের আশ্রয় নিতে চাইলে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়েছেন তিনি। ওই দিকে কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জেনেছেন তিনি।
আদিবাসী সম্প্রদায় নেতা চিত্তরঞ্জন দেব বর্মা জানান, খবর পেয়ে তিনি ওই এলাকায় ছুটে গিয়ে আহত চম্পাকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন। ওই সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ এর সভাপতি জনক দেববর্মা এবং সাধারণ সম্পাদক সুমন দেববর্মা। তাঁরা বখাটে জয়নালের এহেন ধৃষ্টতার জন্য প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানায়, কালেঙ্গা সি বিচ এলাকার বাসিন্দা জয়নাল মিয়া প্রায় ১ বছর পূর্বে তার স্ত্রী মর্জিনা বেগমকে তালাক দেন। কিন্তু তালাক দেওয়ার পরেও বখাটে জয়নাল তালাক দেওয়া স্ত্রীর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন। শনিবার তার ওই স্ত্রীর মর্জিনা বেগম একই এলাকার কালিয়াবাড়ির বাসিন্দা পরেশ দেব বর্মার মেয়ে চম্পা দেব বর্মা (১৬) কে সাথে নিয়ে শ্রীমঙ্গলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হন। এসময় পথে বখাটে জয়নাল অতর্কিত মর্জিনা বেগম ও চম্পা দেব বর্মাকে মারপিট করেন। এতে চম্পা গুরুতর আহত হয়।






















