সিলেট, সুনামগঞ্জে ৮৫০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ মে ২০২২, ০৫:১৬ পিএম


সিলেট, সুনামগঞ্জে ৮৫০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি- সংগৃহীত।

 

সিলেটে বৃষ্টি কমলেও বাড়ছে নদীর পানি। জেলার বিভিন্ন স্থানে পানিবন্দি হয়ে আছে কয়েক লাখ মানুষ। এর মধ্যে বিয়ানীবাজার উপজেলার সব ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিশ্বনাথ উপজেলায় প্লাবিত হয়েছে তিনটি ইউনিয়ন।

 

বন্যার পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে জেলার ৬০৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। সিলেট মহানগর পুলিশের কোতায়ালি মডেল থানা, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও ঢুকেছে পানি। তলিয়ে গেছে নগরের একমাত্র শ্মশানঘাট (চালিবন্দর এলাকায়)। এতে দাহকাজ ব্যাহত হচ্ছে।

 

সুনামগঞ্জ ও ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড়ি ঢল ও বর্ষণের পানি এখন নিম্নাঞ্চলে চাপ সৃষ্টি করেছে। গতকাল বুধবার বিকেল ৩টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপত্সীমার ১৮ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে বিপত্সীমার ১.৫৮ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় ছাতক, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদরের যেসব এলাকা প্লাবিত হয়েছিল, সেসব এলাকার পানি নেমে গেছে। হঠাৎ বর্ষণ ও ঢলের পানিতে পৌনে দুই শ পুকুরের মাছ ভেসে গেছে। নিমজ্জিত হয়েছে ৭২০ হেক্টর জমির বোরো ধান। এতে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

 

এদিকে পাহাড়ি ঢল ও বর্ষণে নিমজ্জিত হওয়ায় জেলার ২৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িক বন্ধ আছে। এর মধ্যে ২৮টি বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র খোলায় সেগুলো বন্ধ ঘোষণা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান এ তথ্য জানান।

Ads