ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বন্দুকযুদ্ধে যুবক নিহত
১৩ নভেম্বর ২০১৯, ১০:০৯ পিএম
ছবি - সংগৃহীত
পুলিশের তালিকায় সাদ্দাম হোসেন ডাকাত দলের সক্রিয় সদস্য। থানায় তার বিরুদ্ধে ডাকাতির মামলাও বিদ্যমান। শেষতক পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সাদ্দাম হোসেন (২৬) নিহত হয়েছেন। মঙ্গলবার গভীররাতে ব্রাহ্মণবাড়িয়ার অাশুগঞ্জ উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার পুত্র।
এদিকে পুলিশ ডাকাত দলের অপর তিন সদস্যকে আটক করেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার গ্রামের শামছুল হকের পুত্র আকাশ মিয়া (২৫), সরাইল উপজেলার নাথপাড়া গ্রামের কাশেম মিয়ার পুত্র হৃদয় হোসেন (২৫) ও একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের আমির হোসেনের পুত্র আশরাফুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীররাত পৌণে দুইটা দিকে পুলিশের একটি দল ডাকাতদের ধরতে যাত্রাপুর এলাকার চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করলে ডাকাতরা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউণ্ড গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অাটককৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে পৃথক মামলা।'
































