খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের ককবরক প্রশিক্ষণ কোর্স

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ মার্চ ২০২০, ০৬:০১ পিএম


খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের ককবরক প্রশিক্ষণ কোর্স

ছবি-প্রতিদিনের চিত্র

ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, খাগড়াছড়ি সদর শাখার আয়োজনে স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় খাগড়াছড়িতে ত্রিপুরা মাতৃভাষায় ককবরক গঠন ও পঠনের ওপর দুই দিনব্যাপী ককবরক প্রশিক্ষণ কোর্স গত শুক্রবার (১৩ই মার্চ) থেকে জাবারাং কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে শুরু হয়ে শনিবার (১৪ই মার্চ) বিকালে সম্পন্ন হয়েছে।

সমাপনী দিনে সংগঠনের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা।

প্রধান অতিথির বক্তব্যে মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, শুধু প্রশিক্ষণ নিলে হবে না প্রতিনিয়ত চর্চা করতে হবে। নিজস্ব পাড়ায় বা স্কুল-কলেজ বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। ককবরক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ককবরক ভাষা চর্চা আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। ককবরক ভাষাকে চর্চা বাড়াতে হলে প্রতিনিয়ত বাজার তালিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তা ব্যবহার করতে হবে। এছাড়াও সাহিত্য ও সংস্কৃতির প্রতি আমাদের তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতি পৃথিবীর বুকে একদিন মাথা উঁচু করে দাড়াতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জাবারাং’র প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র সদস্য, ককবরক রির্সাস ইনস্টিটিউটের সদস্য ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জগদীশ ত্রিপুরা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রায় ২৫জন ত্রিপুরা শিক্ষার্থী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করে।

গত শুক্রবার (১৩ই মার্চ) উদ্বোধনী দিনে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, খাগড়াছড়ি সদর শাখার সাধারণ সম্পাদক খলেন জ্যোতি ত্রিপুরা সঞ্চালনায় সহ-সভাপতি প্লিকেন ত্রিপুরা সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজ. দীপা ত্রিপুরা। এসময় আরও উপস্থিত ছিলেন ইংলিশ ভয়েস স্কুলের শিক্ষক ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রচার সম্পাদক উৎপল ত্রিপুরা, বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর কলেজ শাখার সভাপতি টিটু ত্রিপুরা প্রমূখ।

Ads