খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ মার্চ ২০২০, ০৬:৫২ পিএম


খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

ছবি-প্রতিদিনের চিত্র

উৎসব মুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় খাগড়াছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭মার্চ ২০২০খ্রি.) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি।

পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এদিন থেকেই শুরু হচ্ছে বহুল আলোচিত ও অপেক্ষিত মুজিববর্ষ। আজ থেকে শুরু হয়ে আগামী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসের বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। তারপরও সকাল সাড়ে ৬ টায় আওয়ামী লীগ জেলা কার্যালয়সহ সকল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮ টায় জেলা কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল, ৯টায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, চাইথো অং মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খগেশ্বর ত্রিপুরা,  এডভোকেট আশুতোষ চাকমা, মংসাইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, মোঃ আব্দুল জব্বার, জুয়েল চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, সাবেক সভাপতি চন্দন কুমার দে, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ হোসেন, সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার সকল ধর্মীয় উপাসানালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এতিম ও দুঃস্থদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ হবে এবং রাত ৮ টায় জেলা কার্যলয়ে (জনসমাবেশ পরিহার পূর্বক) বর্ণিল আতশবাজি অনুষ্ঠিত হবে।

এ দিকে, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গুইমারা রিজিয়নের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। গুইমারা কলেজিয়েট স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিজিয়নের মুশফিক হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

Ads