আখাউড়ায় যুবদলের কমিটি ঘিরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫১ পিএম


আখাউড়ায় যুবদলের কমিটি ঘিরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল

ছবি- প্রতিদিনের চিত্র।

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির রাজনীতির অযাচিত বিষফোঁড়ায় পরিণত কবির আহম্মেদ ভুইয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারি খ্যাত আবদুর রহমান সানির বড় ভাই এই কবির আহম্মেদ ভূইয়া বিএনপির কোনো পদ-পদবীতে নাই। অথচ ছোট ভাইয়ের প্রভাব খাটিয়ে গোটা জেলায় করে চলেছেন কমিটি বাণিজ্য। এই নিয়ে অসন্তোষের কমতি নেই। এবার জেলার আখাউড়া উপজেলায় যুবদলের কমিটি ঘিরে হয়েছে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন। মিছিলান্তে ক্ষুব্ধ নেতাকর্মীরা সানি ও কবিরের কুশপুত্তলিকা দাহ করেন।


রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে আখাউড়ায় উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবীতে এই বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। উপজেলা সদরের তারাগন এলাকায় যুবদলের শতাধিক নেতাকর্মী ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের পেছনে তারেক জিয়ার ব্যক্তিগত সহকারি আব্দুর রহমান সানি ও তার বড় ভাই কবির আহম্মেদের হস্তক্ষেপের অভিযোগ করে যুবদল নেতাকর্মীরা সাত দিনের মধ্যে ঘোষিত কমিটি বাতিলের দাবী জানান।মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা সানি ও কবির আহম্মেদের কুশপুত্তলিকা দাহ করা হয়।


বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদলের যুগ্ম আহবায়ক পদ প্রার্থী মামুন মিয়া বলেন, গত ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে পারি আখাউড়া উপজেলা যুবদল এবং পৌর যুবদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে জেলা যুবদল। কিন্তু ওই দুটি কমিটিতে দলের দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদেরকে রাখা হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথিত সহকারি আব্দুর রহমান সানির বড় ভাই কবির আহম্মেদ ভূইয়া ছোট ভাইয়ের প্রভাব খাটিয়ে জেলা কমিটিকে চাপ দিয়ে অযোগ্য অদক্ষদেরকে দিয়ে এসব কমিটি করিয়েছে। কবির আহম্মেদ ভূইয়া আখাউড়া উপজেলার পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের বাসিন্দা। বিএনপিতে তার কোন পদ পদবীও নাই। ছোট ভাইয়ের প্রভাব খাটিয়ে তিনি বিএনপির রাজনীতিতে কলকাঠি নাড়ছেন। আগামী সাত দিনের মধ্যে কমিটি বাতিল করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।  

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক প্রার্থী মো. জাহাঙ্গীর আলম রানা, পৌর যুবদলের সাবেক আহবায়ক মোবাশ্বের আহসান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক প্রার্থী এফ. এ. ফোরকান প্রমুখ।

Ads