ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইন খরচ পাচ্ছেন ২৪শ` প্রবাসী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইন খরচ পাচ্ছেন ২৪শ` প্রবাসী

ছবি- সংগৃহীত।

 

কভিড সংক্রমণকালীন সময়ে মধ্যপ্রাচ্যের সৌদিআরবগামী কোয়ারেন্টাইন খরচ বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করবে সরকার। সেই কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৪শ' প্রবাসী পাবেন ২৫ হাজার টাকা করে পাঁচ কোটি টাকার আর্থিক সহায়তা। ইতোমধ্যে প্রবাসীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সদর উপজেলার চিনাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চেক প্রদান কার্যক্রম শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা প্রাপ্তকদের মাঝে চেক প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহম্মদ খান।


জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিনাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রিন্সিপাল হোসাইন আক্তার, জেলা কর্ম সংস্থান ও জনশক্তি অফিস (কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া) সহকারি পরিচালক দেবব্রত ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। সভায় বক্তারা বলেন, সরকার প্রবাসী বান্ধব নীতি নিয়েই প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের কল্যাণে কভিড সংক্রমণকালীন সময়ে কোয়ারেন্টাইন খরচ প্রদানসহ নানামূখী উদ্যোগ গ্রহন করা হয়েছে।

Ads