কসবায় অগ্নিকাণ্ডে আট দোকান ভস্মীভূত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ নভেম্বর ২০২১, ০৯:০৭ পিএম


কসবায় অগ্নিকাণ্ডে আট দোকান ভস্মীভূত

ছবি- প্রতিদিনের চিত্র।

খন গভীর রাত। আচমকাই বাজারের একটি দোকানে ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা দ্রুতই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অন্তত পৌণে তিন ঘন্টা প্রাণান্তকর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত আটটি দোকান। ভয়াবহ এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রাচীনতম ব্যবসাকেন্দ্র কুটি বাজারের।


মঙ্গলবার (২নভেম্বর) রাত অনুমান একটার দিকে জেলার কসবা উপজেলা প্রাচীনতম ব্যবসাকেন্দ্র কুটি বাজারে ঘটে ভয়াবহ এই অগ্নিকাণ্ড। পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়া আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ধান, পাট ও মরিচের তিনটি গুদাম রয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


কসবা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আবদুল্লাহ্ খালিদ জানান, মঙ্গলবার গভীর রাতে কুটি দক্ষিণ বাজারের একটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ধান, পাট ও মরিচের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়াসহ ভয়াবহ আকার ধারণ করে। ঘটনার খবর পেয়ে প্রথমে আমাদের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া এবং কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে অংশ নেয়। পাঁচটি ইউনিটের দমকল বাহিনীর সদস্যদের টানা দুই ঘণ্টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে টিনের ও কাঠের তৈরি কাঁচা আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিলো। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।'

Ads