বৃহস্পতিবার নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট 

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১০ নভেম্বর ২০২১, ১০:৩৩ পিএম


বৃহস্পতিবার নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট 

ছবি- সংগৃহীত ।

কল আনুষ্ঠানিকতা সম্পন্ন। আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নে ভোট। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নের দায়িত্বে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১'র দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর বৃহস্পতিবার। ইতিমধ্যেই নিবার্চনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। গৃহিত প্রস্তুতির অংশ হিসেবে বুধবার উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয় কেন্দ্রে কেন্দ্রে। দুপুরের পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কড়া নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রের সরাঞ্জাম বিতরণ করা হয়। 


নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউেনও) ও নিবার্চন সমন্বয়কারী হালিমা খাতুন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও রয়েছে স্বাভাবিক। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

 

১৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিবার্চনে দায়িত্ব পালন মাঠে থাকবেন। এদিকে ইউপি নিবার্চন উপলক্ষে নাসিরনগর থানা পুলিশের আয়োজনে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিবার্চনে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। 


উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নের ১২৫ টি কেন্দ্রের ৬৩১টি বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ১৩ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৬ হাজার ১১৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও স্বতন্ত্রসহ ৬০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। 

Ads