কসবায় ট্রাকচাপায় স্কুলশিক্ষকের মৃত্যু
২৭ মার্চ ২০২২, ০৬:৫৩ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
নিজ মোটরসাইকেলে বিদ্যালয়ে যাবার পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু ঘটলো প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা এলাকার। ঘাতক ট্রাক আটক হলেও পালিয়েছে এর চালক। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে পাঠিয়েছেন মর্গে।
রোববার (২৭ মার্চ) সকালে জেলার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ির ভাংতি নামক স্থানে ঘটে এই দুর্ঘটনা। নিহত মো. সালাউদ্দিন (৪৫) কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের আবুল খায়ের মুন্সির পুত্র এবং মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কসবা থানার পরিদর্শক (ওসি) আলমগীর ভূইয়া জানান, শনিবার সকালে নিজ মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন মূলকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন। সকাল ৯টার দিকে পথিমধ্যে তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি এলাকার ভাংতি নামক স্থানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
































