মোবাইল গেইমস খেলতে বাঁধা দেওয়ায় বৃদ্ধ খুন আটক ৩

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ আগস্ট ২০২২, ০৯:২৭ পিএম


মোবাইল গেইমস খেলতে বাঁধা দেওয়ায় বৃদ্ধ খুন আটক ৩

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রতিবেশী যুবককে মোবাইলে গেইমস খেলতে নিষেধ করায় ষাটোর্ধ বৃদ্ধ আসাদ খানকে পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। ঘটনার পর ৩ জনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের বর্বরোচিত এই ঘটনা ঘটে । নিহত আসাদ খান (৬২) জালশুকা গ্রামের ইদন খানের পুত্র।  


 
নিহতের স্ত্রী হনুফা বেগম, এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায, প্রতিবেশী নুরজ্জামানের ছেলে শাহীন প্রায়শই আসাদ খানের ঘরের পেছনে মোবাইল গেমস খেলতো। শনিবার সকাল সাড়ে আটটার দিকে আসাদ খান বাজার থেকে বাড়ি ফেরাকালে দেখতে পান বখাটে শাহীন ঘরের পেছনে মোবাইলে গেমস খেলছেন। এসময় তিনি শাহীনকে অনত্র গিয়ে খেলতে বলাতেই বখাটে শাহীন ক্ষিপ্ত হয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসাদ খানের উপর চড়াও হন। এক পর্যায়ে নৌকার বৈঠা দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ষাটোর্ধ বৃদ্ধ আসাদ খান। চিৎকার-শোরগোল শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধ আসাদ খানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করাসহ ঘটনায় জড়িত থাকার দায়ে একই গ্রামের লালু মিয়ার পুত্র নূর জামান (৪০), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৬) এবং পুত্র মাইনুর রহমান (১৫) কে  আটক করেন।  পরে  নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। এদিকে ঘটনার পরপরই ঘটনার মূলহোতা শাহীন মিয়া পলাতক রয়েছে। তাকে প্রেফতারে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।  

 


নবীনগর থানার পরিদর্শক (ওসি) মো. আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহিলাসহ তিনজনকে আটক করেছে। ঘটনার মূলহোতাকে আটকের প্রচেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।'

Ads