চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোট চলছে
২৭ এপ্রিল ২০২৩, ০২:১২ পিএম
ছবি- সংগৃহীত।
শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৪১৪টি কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নোমান আল মাহমুদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির কামাল পাশা এবং একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী মাঠে রয়েছেন।
এবারের উপনির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি অংশ নেয়নি। এ কারণে নির্বাচনের প্রচার-প্রচারণার সময় থেকে এ পর্যন্ত তেমন কোনো ধরনের উত্তেজনা নেই। জয় নিশ্চিত জেনে ভোটারের কাছে গিয়ে তেমন গণসংযোগ করেননি নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ। দলীয় মনোনয়ন পেয়েই নেতাকর্মীর অভিনন্দনের পোস্টার-ব্যানারে ভেসেছেন তিনি। অন্যান্য প্রার্থীর গণসংযোগও তেমন দেখা যায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কোনো ধরনের অভিযোগও আসেনি। নির্বাচনে পর্যাপ্ত পুলিশ, আনসার ও র্যাব মোতায়েন রয়েছে। পাশাপাশি জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আশা করি, শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন শেষ হবে।
গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরে আসন শূন্য ঘোষণার গেজেট ইসিতে এলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন।
































