চট্টগ্রামে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু
২৮ মে ২০২৩, ০৯:০৬ পিএম
চট্টগ্রামে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর ৫টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগর এলাকায় একটি বসতঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রতিবেশী এক ব্যক্তি এবং মা ও তার দুই শিশুসন্তান দগ্ধ হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকালে এক শিশু ও দুপুরে আরেক শিশুসহ মাও চলে গেলেন।
নিহতরা হলো নূর নাহার বেগম (৩০), তার দুই বছরের ছেলে মোহাম্মদ মারুফ এবং সাড়ে তিন বছরের মেয়ে ফারিয়া। নূর নাহার বেগমের স্বামীর নাম মো. মানিক। দুই ছেলে-মেয়েকে নিয়ে শহীদনগর এলাকার ইব্রাহীমের বাসায় ভাড়া থাকতেন তারা।
এদিকে দগ্ধ ইমাম উদ্দিন নামের এক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
জানা যায়, হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মারুফ, এরপর দুপুর ১টার দিকে মারা যায় ফারিয়া এবং তার মা নূর নাহার বেগম।
চমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিক উদ্দিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মা ও তার দুই শিশুসন্তান মারা গেছে। আগুনে শ্বাসনালিসহ তাদের শরীরে ৯০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসাইন বলেন, ‘রবিবার ভোরে অক্সিজেন মোড় সংলগ্ন শহীদনগর এলাকায় ইব্রাহীমের বাসায় অগ্নিকাণ্ড ঘটে। তিনি বলেন, ওই বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে।’
































