পাহাড়ে ম্রো ছাত্রসমাজের নবজাগরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম


পাহাড়ে ম্রো ছাত্রসমাজের নবজাগরণ

 

বাংলাদেশের অন্যতম পশ্চাৎপদ জনগোষ্ঠী হলেও স্বতন্ত্র ঐতিহ্য ও সংস্কৃতিতে অন্যতম ধনী জনগোষ্ঠী হিসেবে পরিচিত ম্রো জনগোষ্ঠী ছাত্রসমাজের নব জাগরণ ঘটেছে।

 

গতকাল শনিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ ম্রো ছাত্র সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার ৭টি উপজেলা থেকে আগত ম্রো শিক্ষার্থীদের উচ্ছ্বসিত উপস্থিতিতে মুখরিত ছিল বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন।

 

“ম্রো ছাত্ররা এগিয়ে চলো, শিক্ষা ও প্রগতির সাথে” এই স্লোগানকে সামনে রেখে এবং বাংলাদেশে বসবাসরত সকল ম্রো শিক্ষার্থীর মাঝে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও যোগাযোগ স্থাপন, উচ্চশিক্ষা গ্রহণ এবং নিজ জাতিসত্তার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় বাংলাদেশের ম্রো ছাত্রদের অনুপ্রাণিত করা এবং দেশ ও জাতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ও গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের ম্রো ছাত্রদের উৎসাহিত করার লক্ষ্যই ছিল সম্মেলনের মূল বিষয়বস্তু।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) জনাব শাহ আলম, জেলা পরিষদের সদস্য জনাব সিংইয়ং ম্রো, ম্রো সোস্যাল কাউন্সিলের সভাপতি জনাব রাংলাই ম্রো, ৩নং থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক জেলা পরিষদ সদস্য জনাব অংপ্রু ম্রো, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ক্রাতপুং ম্রো, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো, ৫নং টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাংয়ং ম্রো, ৩০৯ নং দক্ষিণ হাঙর মৌজার হেডম্যান পারিং ম্রো প্রমুখ।

 

এসময় প্রধান অতিথি বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, “ম্রো ছাত্রদের আরও পরিশ্রমী হতে হবে, উচ্চশিক্ষা গ্রহণে আরও উৎসাহী হতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়নে ম্রো ছাত্রসমাজের উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব।” এসময় তিনি ম্রো নেতাদের সুনেতৃত্বের মাধ্যমে ম্রো ছাত্রসমাজের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করে বলেন, “আপনারা একটা জায়গা ঠিক করেন, আমি আপনাদের ছেলেমেয়েদের জন্য একটা ছাত্রাবাস কাম মিলনায়তন তৈরি করে দেব।”

 

ম্রো নেতারা ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, “লেখাপড়ার পাশাপাশি তোমাদের টিউশনি করতে হবে, নিজেকে যোগ্য করে তোলে দেশের সুপিরিয়র সার্ভিসগুলোতে যোগ দিতে হবে।"

 

এসময় স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক থংপং ম্রো এবং সাংগঠনিক বক্তব্যে মহিলা বিষয়ক সম্পাদক চামপাও ম্রো'র কণ্ঠে শিক্ষাগ্রহণে ম্রো শিক্ষার্থীদের নানা চ্যালেঞ্জের চিত্র ফুটে উঠেছে।

 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি চ্যংলক ম্রো বলেন, “ম্রো ছাত্রসমাজ ম্রো জাতির আগামীর ভবিষ্যৎ। তাই আমাদেরকে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষাসহ দেশ ও জাতির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।”  

 

এসময় সম্মেলনের আয়োজক বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশনকে (বিএমএসএ) মন্ত্রী মহোদয় নগদ ১ লাখ টাকা দিয়ে আরও ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন।

 

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক তনয়া ম্রো এবং সহ মহিলা বিষয়ক সম্পাদক রুনলে ম্রো এর সঞ্চালনায় এইবারে প্রথম অনুষ্ঠিত হওয়া ম্রো ছাত্র সম্মেলন ম্রো ছাত্রসমাজকে শিক্ষা ও প্রগতির পথে আরও এগিয়ে রাখবে বলে মনে করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দ।

Ads