অবরোধকে কেন্দ্র করে শেরপুরে আগুন ও ইট-পাটকেল নিক্ষেপ
০৬ নভেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম
ছবি- সংগৃহীত।
শেরপুরের শ্রীবরদীতে অবরোধকে কেন্দ্র করে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল ছয়টার দিকে শ্রীবরদী উপজেলার তাতীহাটি ও ডাকবাংলো এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে দুর্বৃত্তরা, এসময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপও করে তারা।
পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর সময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া প্রতিটি মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে অবরোধ বিরোধী বিক্ষোভ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি ও জামায়াত বিরোধী স্লোগান দেন তারা।
























