এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১মে’র মধ্যে প্রকাশ
২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পিএম
ছবি- সংগৃহীত।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯থেকে ১১মে এর মধ্যে প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ১১মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, আগামী ৯, ১০ ও ১১ মে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমতি পেলে সেদিনই ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০লাখ ২৪হাজার ১৯২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬লাখ ৬হাজার ৮৭৯জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২লাখ ৪২হাজার ৩১৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা দেয় ১লাখ ২৬হাজার ৩৭৩জন। লিখিত পরীক্ষা শেষ হয় ১২মার্চ।



























