জবিতে চেয়ারম্যান পদত্যাগ না করায় প্রশাসনিক ভবন ঘেরাও শিক্ষার্থীদের
১৯ আগস্ট ২০২৪, ০৩:০৩ পিএম
ছবি- সংগৃহীত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ২৪ ঘণ্টা আল্টিমেটামের ভেতর পদত্যাগ না করায় উপাচার্য ভবন ঘেরাও করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনের ফটক বন্ধ করে দেন। আজ সোমবার মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জহির উদ্দিন আরিফ পদত্যাগ না করায় ১২টার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করে।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা-‘এক-দুই-তিন-চার, চেয়ারম্যান গদি ছাড়’, ‘আমার ভাইকে হুমকি কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘আমি বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তাকে পদত্যাগও করতে বলছি। কিন্তু সে রাজি না। আমারও এখতিয়ার নেই তাকে পদত্যাগ করানোর। এটা তো উপাচার্যের এখতিয়ার। তবে বিভাগ থেকে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে তার প্রতি অনাস্থা দিলে, তখন আর বাধা থাকত না। এখন আন্দোলনরত শিক্ষার্থীদেরও বিষয়টি বোঝাতে পারছি না।’
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

































