৫ ভারতীয়কে জীবন্ত কবর দেয়ায় ৩ সৌদির মৃত্যুদণ্ড
২৪ মে ২০১৬, ০৮:২৩ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: পাঁচ ভারতীয় শ্রমিককে অত্যাচারের পর জীবন্ত কবর দেয়ায় তিন সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদির একটি আদালত। আজ এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
জানা যায়, ২০১০ সালে দেশটির আল কাতিফের সাফায় অবস্থিত একটি ফার্মে এ হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ফার্মটি অপর একজন সৌদি নাগরিক ভাড়া নেয়। এ সময় ফার্মে একটি যন্ত্র স্থাপন করতে গেলে ওই শ্রমিকদের লাশের কঙ্কাল বেড়িয়ে পরলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনার তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিষয়টি উদঘাটন করে।
এ ঘটনায় প্রাথমিকভাবে ২৫ জনকে আসামি করে তদন্ত শুরু করে সৌদি আরবের পুলিশ। পরে তা কমিয়ে আটজনে নামিয়ে আনা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদন্ড দেয় দেশটির আদালত।

































