জাপানে মার্কিন বাহিনীর ওপর কারফিউ
২৯ মে ২০১৬, ০৪:৫৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: জাপানের ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর ওপর এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে সেনারা রাতে ঘাঁটির বাইরে যেতে পারবে না। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর সেখানকার জনগণ মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য মার্কিন বাহিনীর ওপর এ কারফিউ জারি করা হয়েছে।
ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটির প্রধান লরেন্স নিকোলসন জানিয়েছেন, কারফিউয়ের কারণে রাতে ঘাঁটিতে অবস্থানরত ৩০ হাজার সেনার বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার পাশাপাশি আরো কিছু সীমাবদ্ধতা আরোপ করা হবে। নিহত জাপানি তরুণীর স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে এ সময় ঘাঁটিতে সব ধরনের গান-বাজনা ও বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত থাকবে।
সম্প্রতি জাপান সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সাবেক মেরিন সেনার হাতে জাপানি তরুণীর ধর্ষণ ও হত্যার ঘটনা ক্ষমারযোগ্য নয়। গত ১৯ মে ২০ বছর বয়সী জাপানী তরুণী রিনা শিশাবুকুরোর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মার্কিন সাবেক মেরিন সেনা কেনেথ শিনজাতোকে আটক করেছে জাপানি পুলিশ।
এর আগে ১৯৯৫ সালে ওকিনাওয়া ঘাঁটিতে কর্মরত এক মার্কিনির হাতে ধর্ষণের শিকার হয়েছিল ১২ বছরের এক শিশু। এ ঘটনায় ওই সময় ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

































