লন্ডনে আবারো হামলার শিকার হলেন বিচারপতি শামসুদ্দিন
২২ অক্টোবর ২০১৫, ০৪:৫৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: লন্ডনে ফের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। এর আগে তিনি ২০১২ সালে লন্ডনে অজ্ঞাতনামা দুই যুবকের হামলার শিকার হয়েছিলেন।
স্থানীয় সময় বুধবার রাতে বিচারপতি শামসুদ্দিন লন্ডনের বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গা পূজার একটি মণ্ডপে যান তিনি। এ সময় তার মেয়েও তার সঙ্গে ছিলেন।ইয়র্ক হল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে উক্ত হামলার শিকার হন বিচারপতি শামসুদ্দিন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শামসুদ্দিন চৌধুরীর মেয়ে লিখেছেন, একজন যুবক হঠাৎ তার বাবার কাছে এসে জানতে চান তিনিই শামসুদ্দিন চৌধুরী মানিক কি না। তাদের থেকে কোন জবাব না পাওয়ায় তিনি তার বাবাকে মারধর করেন। এরপর আরো কয়েকজন এসে হামলায় যোগ দেন এবং বিচারপতি শামসুদ্দিনের মোবাইল ফোন কেড়ে নেন। মেয়ে ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের লাথি আর ঘুষিতে এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী রাস্তায় পড়ে যান।
এর আগে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ২০১২ সালের ২৭ জুন ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালেও অজ্ঞাতপরিচয়ের দুই বাঙালি যুবক তার ওপর হামলা চালিয়েছিল।

































