ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে, তবে স্বাভাবিক রয়েছে তেলের দাম
৩০ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা মারাত্মক রূপ নিলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বিশ্ববাজারে আপাতত সরবরাহ সংকট নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কেটেছে। ফলে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার ও আন্তর্জাতিক লেনদেনের মানদণ্ড ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৩ দশমিক ৯০ ডলারে স্থির হয়েছে।
এর আগের কার্যদিবসে তেলের দামে বড় ধরনের লাফ দেখা গিয়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পায়, যা সাম্প্রতিক সংঘাতের মধ্যে অন্যতম বড় মূল্যবৃদ্ধির রেকর্ড।
তবে তারও আগে মঙ্গলবার দীর্ঘ পাঁচ মাস ধরে চলা উত্তেজনার মাঝে সাময়িক বিরতির খবর এলে তেলের দাম এক ধাক্কায় প্রায় ৫ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল।
সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের অভ্যন্তরীণ একাধিক সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সময় অনুযায়ী বুধবার রাত ৮টায় এই অভিযান শুরু হয়। পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি প্রদেশ ও সংবেদনশীল দ্বীপাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।


































