তারেক রহমানকে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র অভিনন্দন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার পর চব্বিশের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচন ইতোমধ্যে দেশবাসীসহ বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।




























