হলের সিট বাতিল, শিক্ষার্থীদের মানববন্ধন
০৫ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম
নতুন প্রশাসনিক ভবনের দরজায় প্রতিবাদী শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা আবাসিক শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বেই হলের সিট ত্যাগ করার নির্দেশ জানালে তীব্র প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচে হলে অবস্থানরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দুই দফা দাবি সামনে নিয়ে মানববন্ধন করে। এসময় ভুক্তোভোগী শিক্ষার্থীরা `বিদ্রোহীর আঙ্গিনায় বৈষম্যের ঠাই নাই',`রেজাল্টের আগে সিট বাতিল চলবেনা', এমন বিভিন্ন স্লোগানে দুই দফা দাবি উপস্থাপন করেন এবং কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীদের প্রথম দাবি- স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পূর্বে সিট বাতিল করা যাবেনা এবং দ্বিতীয় দাবি- ইতিমধ্যে চূড়ান্ত ফল প্রকাশিত হওয়া শিক্ষার্থীদের হল সিট ত্যাগ করতে অন্তত তিনমাস সময় দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান- নিয়ম এর বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নিয়মসমূহ বিবেচনা করে হল প্রভোস্ট এমন সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি প্রভোস্ট কাউন্সিল কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে যেসকল শিক্ষার্থীর চূড়ান্ত পরীক্ষা শেষ এবং মাস্টার্স প্রোগাম চালু নেই তাদের ০১ মাসের মধ্যে হলের সিট ত্যাগ করার নির্দেশ দেন। এরপর ২৬ ফেব্রুয়ারি ০১ মাসের জায়গায় তিন মাস হলের সিট বহাল রাখার অনুরোধ জানিয়ে উপাচার্যের নিকট লিখিত স্মারকলিপি জমা দেন। সুরাহা না পেয়ে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।























